ফোর্ট উইলিয়াম কলেজ
কলকাতার লালবাজরে ফোর্ট উইলিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে ৪ মে, ১৮০০ খ্রি. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। ইংরেজ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এ কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ খ্রি.। বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি।
১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা এবং একই সময় রাজা রামমোহন রায়ের সাহিত্যিক প্রভাবে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের গুরুত্ব হ্রাস পেতে থাকে। ১৮৫৪ সালে লর্ড ডালহৌসির সময় কলেজটি বন্ধ হয়ে যায়। তবে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজ এর অবদান স্বরণীয়। ১৮০১-১৮১৫ সাল পর্যন্ত মোট ৮ জন লেখক ১৩ টি বাংলা গদ্য পুস্তক রচনা করেন। এই ৮ জনের অধিকাংশই ফোর্ট উইলিয়াম কলেজের সাথে যুক্ত ছিলেন।
উইলিয়াম কেরী রাচিত গ্রন্থ-
- কথোপকথন – কথ্যরীতির প্রথম নিদর্শন
- ইতিহাসমালা – প্রথম বাংলা গল্পগুচ্ছ
- এ গ্রামার অব দ্যা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ – ব্যাকরণ গ্রন্থ
উইলিয়াম কেরিকে বাংলা শেখান রামরাম বসু। এজন্য তাকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। রামরাম বসুর সাহিত্যকর্ম-
- রাজা প্রতাপাদিত্য চরিত্র – বঙ্গালির লেখা ও বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ। এটি গদ্যে রচিত প্রথম জীবনচরিত।
- লিপিমালা – প্রথম বাংলা পত্রসাহিত্য
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সম্পৃক্ত একজন উল্লেখযোগ্য পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কলেজের পণ্ডিতদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি পুস্তক রচনা করেন। তার সাহিত্যকর্ম- ‘বত্রিশ সিংহাসন’, ‘হিতোপদেশ’, ‘রাজাবলী’, ‘বেদান্তচন্দ্রিকা’ ইত্যাদি।
উল্লেখ্য গদ্য সাহিত্যের প্রাথমিক নিদর্শন কোচবিহারের রাজার একটি পত্র, কিন্তু কথ্যরীতির প্রথম নিদর্শন ‘কথোপকথন’।