সামতলিক চিত্র কাকে বলে?
একই সমতলে অবস্থিত এক বা একাধিক বক্র বা সরলরেখা দিয়ে সীমাবদ্ধ চিত্রকে সামতলিক চিত্র বলে।
যেমন: ত্রিভুজ, চর্তুভুজ, বৃত্ত ইত্যাদি।
সামতলিক ক্ষেত্র কাকে বলে?
এক বা একাধিক বক্র বা সরলরেখা দিয়ে সীমাবদ্ধ সমতলের অংশকে সামতলিক ক্ষেত্র বলে।
যেমন: ত্রিভুজ, চর্তুভুজ, বৃত্ত ইত্যাদি।
পরিসীমা কাকে বলে?
সামতলিক চিত্রগুলো যে সীমারেখা দ্বারা সীমাবদ্ধ সেই সীমারেখাগুলির দৈর্ঘ্যর সমষ্টিকে বলা হয় পরিসীমা।
ক্ষেত্রফল কাকে বলে?
সামতলিক চিত্রগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের পরিমাণকে সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল বলে।
সামতলিক চিত্রের বৈশিষ্ট্য:
১। সামতলিক চিত্র এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ।
২। এগুলো দ্বিমাত্রিক।
৩। প্রতিটি সামতলিক চিত্রের পরিসীমা ও ক্ষেত্রফল থাকে।
৪। যেহেতু সামতলিক চিত্রগুলো দ্বিমাত্রিক সেহেতু এদের কোনো আয়তন নেই।
সামতলিক চিত্রের প্রকারভেদ:
সামতলিক চিত্র দুই প্রকার । যথা:
১। সরলরৈখিক বা ঋজুরেখ চিত্র।(Rectilinear Figure)
২। বক্ররৈখিক চিত্র (Curvilinear Figure)
সরলরৈখিক বা ঋজুরেখ চিত্র:
তিন বা ততোধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে সরলরৈখিক বা ঋজুরেখ চিত্র বলে।
যেমন: ত্রিভুজ, চতুর্ভূজ, পঞ্চভূজ ইত্যাদি
বক্ররৈখিক চিত্র:
এক বা একাধিক বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বক্ররৈখিক চিত্র বলে।
যেমন:
বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি।
মনে রেখো:
কোনো সরলরৈখিক চিত্র যে যে রেখাংশ দ্বারা সীমাবদ্ধ হয়, সেই রেখাংশগুলিকে ওই সরলরৈখিক চিত্রের বাহু বা ভুজ বলে এবং চিত্রগুলোকে বহুভুজ বলে।
এই বাহু বা ভুজের সংখ্যা অনুযায়ী সরল রৈখিক চিত্রগুলোর নামকরণ করা হয়। যেমন:
ত্রিভুজ: ৩ টি বাহু, চতুর্ভূজ: ৪ টি বাহু, পঞ্চভুজ: ৫ টি বাহু।
বহুভুজের অন্ত:কোণের সমষ্টি:
ক সংখ্যক বাহুবিশিষ্ট বহুভূজের অন্ত:কোণগুলোর সমষ্টি = ২(ক-২)৯০ ডিগ্রী।
যেমন:
বাহুর সংখ্যা ৩ হলে অন্ত:কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
বাহুর সংখ্যা ৪ হলে অন্ত:কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রী।
বাহুর সংখ্যা ৫ হলে অন্ত:কোণের সমষ্টি ৫৪০ডিগ্রী।
বাহুর সংখ্যা ৬ হলে অন্ত:কোণের সমষ্টি ৭২০ডিগ্রী।
বাহুর সংখ্যা ৭ হলে অন্ত:কোণের সমষ্টি ৯০০ডিগ্রী।
বাহুর সংখ্যা ৮ হলে অন্ত:কোণের সমষ্টি ১০৮০ডিগ্রী।
বাহুর সংখ্যা ৯ হলে অন্ত:কোণের সমষ্টি ১২৬০ডিগ্রী।
বাহুর সংখ্যা ১০ হলে অন্ত:কোণের সমষ্টি ১৪৪০ডিগ্রী।
বহুভুজের বহি:কোণের সমষ্টি:
যেকোনো বহুভুজের বহি:কোণের সমষ্টি হল ৩৬০ ডিগ্রী।
যে কোনো বহুভুজের একটি অন্ত:কোণের অনুরুপ বহি:কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন